সাংবাদিক জুটন চৌধুরীর পাশে ‘অঙ্গীকার’

আপডেট : ১৭ মে ২০১৭, ১১:৩০
 
সাংবাদিক জুটন চৌধুরীর পাশে দাঁড়ালো অঙ্গীকার নাট্যদল এবং অঙ্গীকার সামাজিক সাংস্কৃতিক সংঘ। গত ১৩ মে শিল্পকলার স্টুডিও থিয়েটার তাদের ৭ম প্রযোজনা “মগজ ধোলাই” নাটকের  উদ্বোধনী অনুষ্ঠান ছিল। নাটকটির রচনায় ছিলেন আসিফ মোঃ নজরুল এবং নির্দেশনায় শুভাশীষ দত্ত তন্ময়।
 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন আতাউর রহমান এবং নাট্যকার মাসুম রেজা। অনুষ্ঠান শেষে সাংবাদিক মনিরুল ইসলাম এর হাতে ক্লোন ক্যান্সারে আক্রান্ত জুটন চৌধুরীর জন্য দশ হাজার টাকার একটি চেক তুলে দেয়া হয়। চেক প্রদানের সময় উপস্থিত ছিলেন পরিচালক বিপ্লব শরীফ ও সাংবাদিক ফিরোজ আলম মিলন।
 
দল প্রধান আসিফ মোঃ নজরুল বলেন, আসলে একটি নাটকের টিকেট বিক্রি কখনও আশানুরূপ হয়না যা দিয়ে সব খরচ মিটিয়ে একজন মানুষের পাশে দাঁড়ানো যায়। এরপরও মানবিক কারণে আমরা দল থেকে উদ্যোগ নিয়েছি জুটন চৌধুরীর জন্য যথাসাধ্য কিছু করার। জুটনের চিকিৎসার জন্য লাখ লাখ টাকার দরকার ইতোমধ্যে বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে এসেছে আমরা তাদের সাথে সামিল হলাম মাত্র সে সাথে সবাইকে আহবান জানাচ্ছি মানবিক কারণে হলেও জুটনের পাশে দাঁড়াতে।
 
সাংবাদিক মনিরুল ইসলাম বলেন, জুটন আমার ছোট ভাইয়ের মত তার সাথে একত্রে সংগঠন করি। এখন তার সাহায্যের দরকার আমি অনেকের কাছে আহবান জানিয়েছি এবং জানাচ্ছি কিন্তু অনেক জায়গা থেকেই হতাশ হয়ে ফিরে এসেছি। একটা নাট্যদল শো করে আর কত টাকা আয় করতে পারে এরপরও আসিফ নজরুল তথা অঙ্গীকার এর এ  উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এ মুহূর্তে জুটনের এ দশ হাজার টাকাও অনেক কাজে আসবে।
 
নাট্যকার আতাউর রহমান ও মাসুম রেজা বলেন, এটা একটা সাহসিকতা পূর্ণ কাজ। যেখানে পকেটের টাকা দিয়ে নাটকের শো করতে হয়ে সেখানে টিকেট বিক্রির টাকা কোন মানুষের জীবন রক্ষার্থে দান করা কিংবা দলের লোকজনের এগিয়ে আসা আসলে মহত মানসিকতার পরিচয়। মঞ্চে তাদের নতুন প্রযোজনার ভূয়সী প্রশংসা করেন এবং সাফল্য কামনা করেন।
 
ইত্তেফাক/আনিসুর