স্থায়ী বাঁধ নির্মাণের কথা ভাবছে সরকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৬:৪২

সুনামগঞ্জ হাওরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ‘এবার হাওরে বাঁধের কাজের মান গতবারের চেয়ে ভালো হয়েছে।কৃষকরা যাতে আগাম বন্যার আগেই ফসল তুলতে পারে সেটাই আমাদের লক্ষ্য। তবে ২০১৭ সালের মতো পাহাড়ি ঢল আর বন্যা হলে এসব বাঁধ বা ফসল ঠেকানো সম্ভব না।’

আজ বুধবার দিন ব্যাপী সুনামগঞ্জে, জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা, নেত্রকোনার বিভিন্ন হাওর পরিদর্শন শেষে এসব কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।

মন্ত্রী বলেন, গত কয়েকদিনের বৃষ্টিতে যেসব বাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে সেগুলো মেরামতের কাজও দ্রুত ভাবে চলছে। এবং হাওর এলাকায় স্থায়ী বাঁধ প্রকল্পের কাজ নিয়ে ভাবছে সরকার। আগামী বছর থেকে কাজের মান আরও ভালো হবে এবং আরও আগে কাজ শুরু হবে।’

এ সময় মন্ত্রী আরও জানান, কুশিয়ারা ও সুরমা নদী খননে সরকার দীর্ঘ পরিকল্পনা হাতে নিয়েছে।

আরও পড়ুন: শিল্পায়নের ফলে কৃষি জমির যেন ক্ষতি না হয় : প্রধানমন্ত্রী

বাঁধ পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক মাহফুজুর রহমান, যুগ্ম-সচিব মন্টু কুমার বিশ্বাস, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক প্রমুখ।

ইত্তেফাক/কেকে