ছয় মাস ধরে ভারতের মুম্বাইতে একটি ফ্ল্যাট ভাড়া করে থাকেন অভিনেত্রী নিধি আগারওয়াল। টাইগার শ্রফের সঙ্গে ‘মুন্না মাইকেল’ ছবিতে অভিনয় করেন নিধি। ক্যারিয়ারের ক্ষেত্রে এখনও স্ট্রাগল করছেন এই উঠতি নায়িকা।
এরমধ্যে হঠাৎ নিধিকে তার ফ্ল্যাট খালি করে দেয়ার কথা বলেছেন বাড়ি মালিক। কারণ? তার ‘সিঙ্গেল অ্যাকট্রেস’ স্ট্যাটাসটাকেই নাকি বাঁকা চোখে দেখছে ওই হাউজিং সোসাইটির অন্য সদস্যরা! সে কারণেই প্রায় ছ’মাস ধরে ভাড়া থাকা ফ্ল্যাটটি তাকে এবার ছেড়ে দিতে হবে!
বেঙ্গালুরুর মেয়ে নিধি অভিনয়ের স্বপ্ন নিয়ে মুম্বাইতে আসেন। মাস ছয়েক আগে থেকে তার এক কলেজের বন্ধুর সঙ্গে মুম্বাইয়ের বান্দ্রা এলাকার একটি ফ্ল্যাট ভাড়া নেন। সম্প্রতি হঠাৎ বাড়ি ছেড়ে দেওয়ার নির্দেশ আসে। কারণ?
নিধি বলেছেন, ‘আমি সিঙ্গেল এবং আমি অভিনয় করি। ঠিক এই কারণেই বাড়ি ছাড়তে বলা হয়েছে আমাকে। ছ’মাস ধরে এখানে আছি। এখন আবার নতুন বাড়ি কী ভাবে খুঁজব? এত কঠিন সমস্যায় এর আগে কখনও পড়িনি।’
ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, ফ্ল্যাট ভাড়া দেয়ার ক্ষেত্রে নতুন অভিনেতা-অভিনেত্রীদের এড়িয়ে চলেন মালিকরা। তাঁদের রোজগার অনিয়মিত হওয়ার কারণে ভাড়া ঠিক সময়ে না পাওয়ার আশঙ্কা থাকে। ইন্ডিয়া ডটকম।
ইত্তেফাক/আনিসুর
