যশোরে স্ত্রী হত্যার দায়ে আব্দুল্লাহ ওরফে তিতুমীর নামে একজনকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অমিত কুমার দে এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণা শেষে দণ্ডিতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
আদালত সূত্র জানায়, দণ্ডিত ব্যক্তি যশোর সদর উপজেলার মোবারককাটি গ্রামের কবির হোসেনের মেয়ে সালমা খাতুনকে বিয়ের পর যৌতুক হিসেবে মোটরসাইকেল দাবি করে আসছিল। দাবি মেটাতে ব্যর্থ হওয়ায় স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন শুরু করে আব্দুল্লাহ।
সর্বশেষ ২০১২ সালের ৯ জুলাই সালমাকে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত সালমার বাবা বাদী হয়ে মামলা করেন। মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইদ্রিস আলী।
ইত্তেফাক/আনিসুর
