ভেনেজুয়েলায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে ১৭ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির প্রসিকিউটররা একথা জানান।
এই নিয়ে দেশটিতে ছয় সপ্তাহ ধরে চলমান এই আন্দোলনে ৪২ জন প্রাণ হারাল। আন্দোলনটি ২০১৪ সালের মতো ভয়াবহ ও রক্তক্ষয়ী হয়ে উঠেছে। ২০১৪ সালের ওই সরকারবিরোধী আন্দোলনে ৪৩ জন মারা যায়।
আন্তর্জাতিক অঙ্গনে দেশটির প্রেসিডেন্ট মাদুরোর অন্যতম কট্টর সমালোচক অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস চিফ লুইস আলমারগো বলেন, ‘তারা মানুষকে হত্যা ও জনগণের ওপর নির্যাতন চালিয়ে যেতে পারে না। তাদের এ অধিকার নেই।’
এর আগে, ভেনিজুয়েলা সংকট নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা হবে বলে জানান কূটনীতিকরা। যুক্তরাষ্ট্রের অনুরোধে রুদ্ধদ্বার বৈঠকটি সকালবেলা অনুষ্ঠিত হওয়ার কথা জানায় বার্তা সংস্থা এএফপি।
IMG0
গত ১ এপ্রিল বিক্ষুব্ধ বিরোধীরা নিকোলাস মাদুরোর ক্ষমতা আরো বাড়ানোর প্রচেষ্টার বিরুদ্ধে ভেনিজুয়েলার রাস্তায় নেমে আসে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এক বিবৃতিতে বলেন, সোমবার পশ্চিমাঞ্চলীয় পেদরাজা শহরে বিক্ষোভ চলাকালে ওই কিশোরের মাথায় গুলি লাগলে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে সে মারা যায়।
আইনজীবীরা আরো জানান, ৩১ ও ৩৩ বছর বয়সী আরো দুজন লোক মারা গেছে। সান অ্যান্টোনিও ডি লোস আল্টোস ও তাচিরা নগরীতে বিক্ষোভ চলাকালে তারা গুলিবিদ্ধ হয়। এএফপি।
ইত্তেফাক/সেতু
