কলম্বিয়ার ইএলএন বিদ্রোহীদের সঙ্গে ফের আলোচনা শুরু

আপডেট : ১৭ মে ২০১৭, ১৪:৩৩
কলম্বিয়া সরকার ও ন্যাশনাল লিবারেশন আর্মি বিদ্রোহীদের মধ্যে মঙ্গলবার আলোচনা শুরু হয়েছে। দেশটির নিত্যদিনের সংঘাত বন্ধে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে তারা এ আলোচনা শুরু করে বলে জানায় বার্তা সংস্থা এএফপি।
 
কলম্বিয়ার অর্ধ শতাব্দী ধরে চলা সংঘাত নিরসনের লক্ষে ইকুয়েডরের রাজধানীতে উভয় পক্ষ আবারো আলোচনার টেবিলে ফিরে যায়। উল্লেখ্য, দীর্ঘ চার বছর ধরে আলোচনার পর গত নভেম্বর মাসে কলম্বিয়ার বৃহত্তম বিদ্রোহী গ্রুপ ফার্ক সরকারের সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে।
 
ফার্কের মতো ইএলএনের সঙ্গে একই শান্তি চুক্তি করার লক্ষে বিদায়ী প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়ার আমন্ত্রণে কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোসের প্রতিনিধি দল ও ইএলএনের মধ্যে আবারো আলোচনা শুরু করা হলো। গত ফেব্রুয়ারি মাসে তাদের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়।
IMG0
ইএলএনের শান্তি আলোচক পাবলো বেলট্রান বলেন, ‘আমি আশা করছি আলোচনার মাধ্যমে দ্বি-পাক্ষিক অস্ত্র বিরতির ব্যাপারে আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারবো।’
 
এদিকে সরকারও দেশটির সংঘাত নিরসনের অঙ্গীকার করেছে। গ্রামাঞ্চলের ভূমি অধিকারের জন্য ফার্ক ও ইএলএন অস্ত্র হাতে তুলে নেয়ায় ১৯৬৪ সালে কলম্বিয়ায় সংঘাত ছড়িয়ে পড়ে। এ সংঘাতে দেশটিতে কমপক্ষে ২ লাখ ৬০ হাজার লোক প্রাণ হারিয়েছে এবং ৭০ লাখেরও বেশী লোক গৃহহীন হয়েছে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু