কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র পদে নির্বাচিত হয়ে দ্বিতীয়বারের মতো দায়িত্বভার গ্রহণ করছেন মো. মনিরুল হক সাক্কু। বুধবার দুপুরে তিনি কুসিক প্রশাসক ও কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমের নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। এর আগে কুসিকের নব নির্বাচিত ২৯ জন কাউন্সিলরের উপস্থিতিতে কুসিকের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
মেয়রের দায়িত্ব গ্রহণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া, সচিব মো. হেলাল উদ্দিন, প্রধান প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ নুরুল্লাহ্। এর আগে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে শপথ বাক্য পাঠ করান।
উল্লেখ্য, গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে পরাজিত করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হক দ্বিতীয় বারের মত মেয়র নির্বাচিত হন।
ইত্তেফাক/রিপোর্ট
