কুমিল্লায় টাকা আত্মসাতের মামলায় তিন কর্মকর্তা কারাগারে

আপডেট : ১৭ মে ২০১৭, ২০:০৭
 
কুমিল্লায় বীমা গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লি. এর তিন কর্মকর্তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিপ্লব দেবনাথের আদালত এ আদেশ দেন।
 
মামলার বাদী ও আদালত সূত্রে জানা যায়, ২০০৩ সালে জেলার দেবিদ্বার উপজেলা সদরের নিউমার্কেট সামাদ ম্যানশনের চতুর্থ তলায় অবস্থিত গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লি. এর কার্যক্রম শুরু করা হয়। দেবিদ্বার শাখার প্রকল্প পরিচালক অহিদুল ইসলাম ভূঁইয়া, কুমিল্লা জেলা কার্যালয়ের কর্মকর্তা মো. আবুল বাশার ও দেবিদ্বার উপজেলা কার্যালয়ের মো. জসীম উদ্দিনসহ তিন কর্মকর্তা পরস্পর যোগসাজশে ৮১ জন মাঠকর্মীর সহযোগিতায় প্রায় তিন হাজার ইসলামিক ডিপিএস ও একক বীমাসহ বিভিন্ন মেয়াদে করা বীমা গ্রাহকদের কোম্পানির পাশ বই ও দলিল প্রদান করেন।
 
এর মাধ্যমে তারা গ্রাহকদের নিকট থেকে আদায়কৃত কয়েক কোটি টাকা হাতিয়ে নেন এবং গত বছরের শুরুতে ওই কার্যালয়টি বন্ধ করে পালিয়ে যান। প্রতারণার মাধ্যমে বীমা গ্রাহকদের কয়েক কোটি টাকা আত্মসাতের এ ঘটনায় বিভিন্ন সময়ে ভুক্তভোগী গ্রাহকরা টাকা ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করেও কোনো কাজ হয়নি।
 
এতে প্রতারণার শিকার বীমা গ্রাহকদের মধ্যে নাজমা আক্তার বাদী হয়ে গত ২৭ এপ্রিল দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন। এ মামলায় অভিযুক্ত গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লি. এর ওই তিন কর্মকর্তা বুধবার দুপুরে কুমিল্লার চার নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করেন। আবেদনের শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিপ্লব দেবনাথ জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
 
ইত্তেফাক/জামান