ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই গ্রাম বাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়েছেন। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বাহাদুরপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।
আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক সহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় সংঘর্ষকারীরা ঢাকা-সিলেট মহাসড়কে উঠে পড়লে মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে উপজেলার বাহাদুরপুর গ্রামের মেরাশানি ও সারংবাড়ির মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে উভয় দলের খেলোয়াড়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় মেরাশানি ও সারংবাড়ির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের সংঘর্ষকারীরা ঢাকা সিলেট মহাসড়কে উঠে পড়লে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে আশুগঞ্জ থানা ও সরাইল খাটিহাতা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল শুরু করে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০জন আহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক সহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদরুল আলম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
ইত্তেফাক/জামান
