নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন

আপডেট : ১৭ মে ২০১৭, ২১:৩০
বাংলাদেশের ছুড়ে দেয়া ২৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন হয়েছে। সাকিব আল হাসানের দুর্দান্ত থ্রোতে জর্জ ওয়ার্কারকে রান আউটের ফাঁদে ফেলেন মুশফিকুর রহিম।
 
১৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৮২ রান।
 
২৫৮ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে নিউজল্যান্ড দূরন্ত সূচনা পায়। অধিনায়ক টম ল্যাথাম ও লুক রঞ্চি ওভার প্রতি প্রায় ৬ রান করে নিয়ে ৬.৫ ওভারেই ৩৯ রান তুলে নেয়। যখন ল্যাথাম-রঞ্চি জুটি বাংলাদেশের খেলোয়ারদের দিকে চোখ রাঙ্গাচ্ছিল ঠিক তখন স্বমহিমায় আবির্ভূত হন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৭ ওভারের শেষ বলে রঞ্চি মুস্তাফিজের মায়াবী কাটারে ক্যাচ তুলে দেন মাহমুদুল্লাহর হাতে। আউট হওয়ার আগে তিনি ২৭ বলে ২৭ রান করেন।
 
এরপর ওয়ার্কারকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রেখে চলছিলেন ল্যাথাম। ম্যাচের ১৬তম ওভারে সাকিবের সরাসরি থ্রোতে ওয়ার্কার রান আউট হলে তাতে ছন্দপতন ঘটে। আউট হওয়ার আগে ২৪ বলে ১৭ রান করেন ওয়ার্কার। ৪৫ রানে অপরাজিত আছেন ল্যাথাম, সঙ্গে আছেন অভিজ্ঞ রস টেলর।
 
এর আগে ডাবলিনের ক্লোনটার্ফে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সৌম্য সরকার ৬৭ বলে ৬১, উইকেটরক্ষক মুশফিকুর রহিম ৬৬ বলে ৫৫, মাহমুদুল্লাহ রিয়াদ ৫৬ বলে ৫১ ও মোসাদ্দেক হোসেন ৪১ বলে ৪১ রান করেন। 
 
আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচটি বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়েছিলো।
 
ইত্তেফাক/সাব্বির