ময়মনসিংহের ফুলপুর পৌর শহরের আমুয়াকান্দা দিউমোড় ব্রিজের উপর বুধবার রাত সোয়া ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় শামছুন্নাহার (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলে নজরুল ইসলামের মোটর সাইকেলে চড়ে মা শামছুন্নাহার ফুলপুর থেকে হালুয়াঘাটে আত্মীয় বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। পৌর শহরের ব্রিজের উপর পৌঁছুলে মোটর সাইকেল আরোহী মা শামছুন্নাহার ছিটকে ময়মনসিংহগামী বালু বোঝাই ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।নিহত শামছুন্নাহার তারাকান্দা উপজেলার ঢাকিরকান্দা গ্রামের ফজলুল হকে স্ত্রী।
ফুলপুর থানার এসআই দেবাশীষ সাহা ইত্তেফাক বলেন, মোটর সাইকেলে থাকা ব্যাগের সাথে অন্য যানবাহনের ধাক্কায় সম্ভবত ছিটকে পড়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কে প্রায় আধঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। লাশ ময়না তদন্তের জন্য পুলিশ থানায় নিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/জামান
