রংধনু গ্রাম

আপডেট : ১৮ মে ২০১৭, ০০:২৬

বায়ুমণ্ডলে জলকণায় সূর্যালোকের প্রতিফলন এবং প্রতিসরণের ফলে আকাশে যে ধনুক আকৃতির হরেক রঙের সমাহার সৃষ্টি হয় সেটিকেই সাধারণত রংধনু বলা হয়ে থাকে। সাধারণত বৃষ্টির পর আকাশে সূর্যের বিপরীতে তৈরি হয় রংধনু। রংধনুর এই সাতটি রঙের অনন্য সৌন্দর্য সহজেই মুগ্ধ করে মানুষকে; কিন্তু রংধনু খুবই ক্ষণস্থায়ী। অল্প কয়েক মুহূর্তের মধ্যে আবার বাতাসে মিলিয়ে যায় এই রংধনু।

 

তবে এবার এমন একটি রংধনুর খোঁজ পাওয়া গেছে যা মুহূর্তে মিলিয়ে যায় না। স্থায়ী রংধনুর সৌন্দর্য উপভোগ করতে ইন্দোনেশিয়ার একটি গোটা গ্রামকেই রাঙানো হয়েছে রংধনুর রঙে। কেমপাঙ পেলাঙ্গি নামের গ্রামের ২৩২টি বাড়ির বাইরে আঁকা হয়েছে নানা রঙে। ফলে পুরো গ্রামটিকে একটু দূর থেকে দেখলে মনে হবে যেন রংধনু উঠেছে।

 

ইন্দোনেশিয়ার এই রংধনু গ্রামটি তাই অল্প সময়ের মধ্যে পর্যটকদের কাছে আকর্ষণের বস্তুতে পরিণত হয়েছে। গ্রামের স্কুলের প্রধান শিক্ষকের পরিকল্পনা থেকেই এই রংধনু গ্রামের সূচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় পর্যটকদের আগমন বেড়ে যাওয়ায় স্থানীয় গ্রামবাসীর ব্যবসাও এখন আগের চেয়ে বেশ রমরমা।-জাকার্তা পোস্ট

ইত্তেফাক/নূহু