শ্রবণ ও বাক-প্রতিবন্ধীত্ব রুখতে পারলো না তাসলিমাকে। এবার এসএসসি পরীক্ষায় জিপিএ ৩.২৩ পেয়েছে সে। তাসলিমা কথা বলতে এবং কানে শুনতে পায় না। শ্রবণ ও বাক-প্রতিবন্ধী তাসলিমা খাতুন ঘাটাইল উপজেলার মমরেজ গলগণ্ডা পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। অন্যসব শিক্ষার্থীর মতোই পরীক্ষার খাতায় স্বাভাবিক উত্তর লিখে জানিয়ে দিল ইচ্ছাশক্তি থাকলে অসম্ভবকেও জয় করা সম্ভব।
তাসলিমা উপজেলার জামুরিয়া ইউনিয়নের মধ্য কর্ণা গ্রামের দিনমজুর বদর উদ্দিনের মেয়ে। মা শাহীনা বেগম একজন গৃহিণী। অস্বচ্ছল পরিবারের মেয়ে হলেও বাবা-মার আগ্রহ আর বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় সে উপজেলার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তার ইচ্ছা সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষক হবে।
এদিকে অস্বচ্ছল পরিবারের এই মেয়েটি লেখাপড়া চালিয়ে যেতে পারবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তার মা শাহীনা বেগম। মেয়ের স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় এজন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছেন।
ইত্তেফাক/নূহু
