উপজেলার হলদিবাটা-বাইগড়পাড়া রাস্তা ৪৫ বছরেও পাকা হয়নি। ফলে এ পথে যাতায়াতকারী মানুষেরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
জানা গেছে, ঝিনাইগাতী সদর থেকে হলদিবাটা চৌরাস্তা পর্যন্ত এলজিইডি’র চার কিলোমিটার রাস্তা স্বাধীনতার পর বিভিন্ন সময়ে পাকা করা হয়। অপরদিকে, ওই রাস্তার নালিতাবাড়ী উপজেলার অংশ বাইগড়পাড়া পর্যন্ত পাকাকরণ করা হয়। দুই উপজেলার মাঝে তিন কিলোমিটার রাস্তা স্বাধীনতার ৪৫ বছরেও পাকা করা হয়নি। স্থানীয় ইউপি সদস্য আজগর আলী, আওয়ামী লীগ নেতা আব্দুছ সালাম ও সাইদুল ইসলামসহ গ্রামবাসীরা জানান, এ রাস্তাটি পাকাকরণের দাবি দীর্ঘদিনের। উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা জানান, এ রাস্তাটি পাকাকরণের জন্যে বহুবার উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় আলোচনাও হয়েছে।
বিভিন্ন সময় আশ্বাস পাওয়া গেছে। কিন্তু আজো তা বাস্তবায়িত হয়নি। এ পথে বাইগড়পাড়া, গিলাগাছা, ধারাপানি, হলদিবাটা, ভারুয়া, গজারীকুড়া, কালাকুড়া, বনগাঁও, জিগাতলা, নন্নী, বনকালি, তালতলা, মরিয়ম নগর, ফাকরাবাদ, জারুলতলা, বাঐবাধা, খাঁপাড়া, মেইলগেটসহ প্রায় ২০টি গ্রামের হাজার হাজার মানুষ এ পথে যাতায়াত করে থাকে। বর্ষাকালে কাদাপানিতে ও শুষ্ক মৌসুমে ধূলোবালিতে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এ সময় যানবাহন তো দূরের কথা পাঁয়ে হেঁটে চলাচল কষ্টসাধ্য হয়ে পড়ে। ফলে পথচারীদের দুর্ভোগের সীমা থাকে না। চারপাশে উত্পাদিত কৃষকদের কৃষিপণ্য বাজারজাত করতে কঠিন হয়ে পড়ে। ফলে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয় কৃষকরা।
ইত্তেফাক/নূহু
