বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে আগামী ৭২ ঘণ্টায়

আপডেট : ১৮ মে ২০১৭, ১৬:১৪
আগামী ৭২ ঘন্টায় দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
 
গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের হাতিয়ায় ৫১ মিলিমিটার। ফেনীতে ৮৯ মিলিমিটার, কুমারখালীতে ৪২ মিলিমিটার ও মাউজদীকোর্টে ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 
 
আবহাওয়া অফিস জানায়, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায় ৩৭ ডিগ্রী সেলসিয়াস এবং আজ সর্বনিন্ম তাপমাত্রা কুমারখালীতে ২১ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।
 
ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ১৪ মিনিটে।
 
ইত্তেফাক/ইএইচএম