জঙ্গিবাদ ঠেকাতে সংস্কৃতিই একমাত্র হাতিয়ার : সংস্কৃতিমন্ত্রী

আপডেট : ১৮ মে ২০১৭, ১৭:৪২
সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ধর্মের নামে হত্যা ও জঙ্গিবাদ ঠেকাতে সংস্কৃতিকেই একমাত্র হাতিয়ার হিসেবে আমাদের ব্যবহার করতে হবে। সাম্প্রদায়িক এ অপশক্তিকে প্রতিহত করতে তাই শিক্ষার সঙ্গে সংস্কৃতির সমন্বয় ঘটাতে হবে। আর এ ক্ষেত্রে জাদুঘর বড় ভূমিকা রাখতে পারে। 
 
বৃহস্পতিবার আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ অনুষ্ঠানমালার আয়োজন করেছে জাতীয় জাদুঘর।
 
জাতীয় জাদুঘর ট্রাস্টি বোর্ডের সভাপতি শিল্পী হাশেম খানের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন জাতীয় জাদুঘরের সাবেক ও প্রথম মহাপরিচালক ড. এনামুল হক এবং ইন্টারন্যশনাল কাউন্সিল অব মিউজিয়ামের (আইকম) প্রতিনিধি নেপালের অধিবাসী ড. প্রেম সিং বাসনিয়া। জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী স্বাগত বক্তৃতা প্রদান করেন। 
 
সংস্কৃতিমন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক চেতনাকে ধরে রাখতে শেখ হাসিনার সরকার প্রতিনিয়ত জাদুঘরের সম্প্রসারণ করে চলেছে। দেশের জেলা উপজেলায় নতুন নতুন জাদুঘর স্থাপন করছে। আঞ্চলিক পর্যায়ের ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে সরকার বিভিন্ন স্থানে আঞ্চলিক জাদুঘর স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাসস
 
ইত্তেফাক/ইউবি