কাজাখস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জুলাই মাসের মাঝামাঝি সময়ে নির্ধারিত সিরিয়া বিষয়ে পরবর্তী উচ্চ-পর্যায়ের আন্তর্জাতিক বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। কাজাখ পররাষ্ট্রমন্ত্রী কাইরাত আবদ্রাখমানোভ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা বলেন।
কাজাখ পররাষ্ট্রমন্ত্রী কাইরাত আবদ্রাখমানোভ বলেন, ‘আমরা আস্তানা শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে যাব। আস্তানা শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে এর আগের বৈঠকে মধ্যস্থতাকারী দেশ রাশিয়া, তুরস্ক ও ইরান চলতি বছরের মধ্য জুলাই মাসে পরবর্তী দফার বৈঠকের দিনক্ষণ ঠিক শেষে এ সম্পর্কিত একটি স্মারকলিপিতে স্বাক্ষর করে।’
বৈঠকটির আগে আঙ্কারায় একটি বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
সিরিয়া সমস্যার একটি শান্তিপূর্ণ উপায় বের করার লক্ষ্যে মে মাসের ৩ ও ৪ তারিখে কাজাখস্তানের রাজধানী আস্তানায় চতুর্থ দফা আন্তর্জাতিক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সিরিয়ার সরকার ও সশস্ত্র বিরোধী পক্ষের প্রতিনিধিরা ওই বৈঠকে অংশ নেয়। এতে মধ্যস্থতাকারী দেশ রাশিয়া, তুরস্ক ও ইরান ছাড়াও জাতিসংঘ, জর্দান ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা যোগ দেয়। বাসস।
ইত্তেফাক/সাব্বির
