আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় যেসব বিভ্রান্তি আছে তা নতুন ডিজিটাল সিকিউরিটি আইনে দূর করা হবে।
তিনি বলেন, বাক-স্বাধীনতার ব্যাপারে যাতে কারো কোন দ্বিধা-দ্বন্দ্ব না থাকে, কারো মনে কোন প্রশ্ন না ওঠে তা ডিজিটাল সিকিউরিটি আইনে পরিষ্কার করা হবে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয় প্রাঙ্গণে বিচারকদের পরিবহনের জন্য গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ সব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি আইনের খসড়ায় মন্ত্রিপরিষদ ইতোমধ্যেই নীতিগত অনুমোদন দিয়েছে। আইন মন্ত্রণালয় এখন আইনটি যাচাই বাছাই করছে। এ নিয়ে সম্প্রতি একটি আন্তঃমন্ত্রণালয় সভা করা হয়েছে। সার্বিক দিক পর্যালোচনা করে সভায় উপস্থিত সকলেই এ আইন প্রণয়নের প্রয়োজনীয়তার বিষয়ে একমত পোষণ করেছেন। শিগগিরই এ আইনের স্টেকহোল্ডারদের সঙ্গে মত বিনিময় করা হবে। তারপর আইনটি চূড়ান্ত করা হবে।
এ সময় আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান, যুগ্ম সচিব মো. গোলাম সারওয়ার, বিকাশ কুমার সাহা ও এ এইচ এম হাবিবুর রহমান সহ মন্ত্রণালয়ের কর্মকতারা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
