মানিকগঞ্জে ঠিকাদারের গলিত লাশ উদ্ধার

আপডেট : ১৮ মে ২০১৭, ২০:৫৩
 
মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়া এলাকায় নিজ ঘর থেকে নুরুল ইসলাম (৫৮) নামে এক ঠিকাদারের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঠিকাদারের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
নিহত নুরুল ইসলাম সাটুরিয়া উপজেলার বরুন্ডি গ্রামের মৃত. মাহতাব উদ্দিনের ছেলে। তিনি পুলিশের ঠিকাদারি করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার নাহার কুঞ্জের তিন তলা ভবনের নিচতলা থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছিল। বাসায় কোন সাড়া-শব্দও পাওয়া যাচ্ছিলোনা। ভেতর থেকে তালা দেওয়া থাকায় বিষয়টি সন্দেহজনক হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ দরজা ভেঙ্গে ঘরের ভেতর বিছানায় শোয়া অবস্থায় নুরুল ইসলামের মৃতদেহ উদ্ধার করে।
 
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ সরকার জানান, পারিবারিক জীবনে নুরুল ইসলাম এক ছেলে ও মেয়ে সন্তানের জনক। ঘটনার কয়েকদিন আগে থেকেই তার স্ত্রী সন্তানরা কেও বাসায় ছিলেন না, ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে ঠিকাদার মারা গেছেন। ঠিকাদারদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
 
ইত্তেফাক/জামান