প্রধান বিচারপতি এস কে সিনহা বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করেছেন। কমপ্লেক্সের পরিদর্শনে এলে কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড কলেজ, ভারতেশ্বরী হোমসের ছাত্রী এবং কুমুদিনী পরিবারের সদস্যরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা জানানোর পর প্রধান বিচারপতি ও তার সফর সঙ্গীরা কুমুদিনী লাইব্রেরি মিলনায়তনে এক চা চক্রে মিলিত হন। এরপর তিনি কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী উইমেনস মেডিক্যাল কলেজ এবং ভারতেশ্বরী হোমস পরিদর্শন শেষে পিপিএম হলে ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।
এসময় কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের নির্বাহী ব্যবস্থাপক রাজিব প্রসাদ সাহা,পরিচালক প্রতিভা মুৎসুদ্দি, শ্রী মতি সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার, আপিল বিভাগের রেজিস্টার মো. জাকির হোসেন, আপিল বিভাগের স্পেশাল কর্মকর্তা হোসনেয়ারা আক্তার, অতিরিক্ত রেজিস্টার সাব্বির ফয়েজ, ডেপুটি রেজিস্টার মো. আজিজুল হক, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন, সহকারী পুলিশ সুপার সাহাদত হোসেন,মির্জাপুর থানার (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন প্রমুখ।
এ সময় প্রধান বিচারপতি বলেন, 'কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা দানবীর রনদা প্রসাদ সাহা ছিলেন একজন মহান ব্যক্তি। তার চিন্তা ও চেতনা ছিল দেশ ও দেশের মানুষের সেবা করা।তার সেবাধর্মী সকল প্রতিষ্ঠান এখনো মানুষের জন্য সেবা দিয়ে যাচ্ছে।' তিনি বলেন, 'কুমুদিনী হাসপাতালের চিকিৎসা সেবার মান, উইমেনস মেডিক্যাল কলেজ, নার্সিং স্কুল অ্যান্ড কলেজ এবং ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের নিয়ম শৃঙ্খলা দেশে আমি মুগ্ধ হয়েছি।'
ইত্তেফাক/জামান
