ঘরে ঢুকে দুর্বৃত্তের ছুরিকাঘাত, মা খুন

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৮:৪৫

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইছবপুর গ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নীলু সূত্রধর (৬০) নামে এক বৃদ্ধা ঘটনা স্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন তার মেয়ে শিল্পি সূত্রধর (৩০)। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত নীলু সূত্রধর ওই গ্রামের মৃত চানমনি সূত্র ধরের স্ত্রী। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নীলু সূত্রধরের স্বামী মারা যান বিগত ৭/৮ বছর আগে। তার একমাত্র পুত্র জীবন সূত্র ১৫/১৬ বছর ধরে কুয়েতে রয়েছেন। মেয়েরা স্বামীর বাড়িতে থাকেন। এক মাত্র পুত্রবধূ হ্যাপি সূত্রধরকে নিয়েই শাশুড়ি বাড়ীতে থাকেন। ১০/১৫ দিন আগে থেকে পুত্রবধূ হ্যাপি পিতার বাড়ি নবীগঞ্জের ভুবিরবাগ গ্রামে অবস্থান করছেন। মা বাড়িতে একা এজন্য তার ছোট মেয়ে স্বামীর বাড়ী থেকে মায়ের কাছে আসেন।

এদিকে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় কয়েকজনের একদল দুর্বৃত্তরা নীলু সূত্রধরের ঘরে প্রবেশ করে মা-মেয়ে দুজনকে এলোপাতারী ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করেন। ঘটনাস্থলে নীলু সূত্রধর মারা যান। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার নবীগঞ্জ-বাহুবল সার্কেল মো. পাভেজ আলম চৌধুরী পুলিশ নিয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন।

আরো পড়ুন: প্রধান শিক্ষককে জুতা দিয়ে পেটালেন শ্রমিক লীগ নেতা

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার জানান, ঘটনা উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে। শীঘ্রই অপরাধীদের তাদের চিহিৃত করে আইনের আওতায় আনা হবে। নিহত নীলু সূত্রধরের চার মেয়ে, এক ছেলে। শিল্পি সবার ছোট। তার তিন বছরের এক সন্তান রয়েছে। ৭ বছর আগে তার বিয়ে হয়। নিহতের বাড়ীতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইত্তেফাক/অনি