নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

আপডেট : ১৮ মে ২০১৭, ২১:১৫
 
বগুড়ার নন্দীগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় হাবিবা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রী নিহত ও অপর এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত হাবিবা খাতুন (১৩) নন্দীগ্রাম উপজেলার কৈডালা গ্রামের সারফুল হকের কন্যা ও স্থানীয় রণবাঘা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। আহত নুপুর খাতুন (১৩) একই বিদ্যালয়ের একই গ্রামের নজরুল ইসলামের কন্যা। তাকে আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
হাইওয়ে পুলিশের কুন্দারহাট ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে বগুড়া-নাটোর সড়কের কৈডালা মোড় (টিটিগাড়ী মোড়) এলাকায় পিছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই হাবিবা খাতুন মারা যায় এবং নূপুর আহত হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে, চালক ও হেলপার পালিয়ে গেছে।
 
ইত্তেফাক/জামান