দিনাজপুরের পার্বতীপুরে গভীর রাতে এক বিজিবির সদস্যের বাড়িতে হামলা চালিয়ে ইটের বাড়ির সীমানা প্রাচীর গুঁড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। এ সময় তারা তিন লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের সাঁকোয়া পাড়া গ্রামে। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদের নেতৃত্বে রাতেই একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, বসতভিটার মালিকানা নিয়ে বিজিবি সদস্য রাশেদের বাবা আজিজুল ইসলামের সাথে প্রতিবেশি আব্দুল হামিদের দীর্ঘদিন ধরে দ্বন্দ চলে আসছিল। পৈত্রিক সূত্রে জমির মালিক আজিজুল ইসলাম হলেও গত কিছুদিন ধরে হামিদ নিজেকে জমির মালিক হিসেবে দাবি করছেন। এ বিষয়ে আদালতে একটি মামলাও চলমান রয়েছে। পরে থানা পুলিশের নির্দেশনা নিয়েই বাড়িতে গেট নির্মাণের কাজ শুরু করেন আজিজুল। কিন্তু পুলিশের নির্দেশনাকে অমান্য করে বৃহস্পতিবার গভীর রাতে আব্দুল হামিদের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আজিজুলের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা তার বাড়ির পাকা প্রাচীর ভেঙে গুড়িয়ে দেয়।
আজিজুল হক জানান, হামলাকারীরা তাদের একটি ঘরে আটকে রেখে বাড়ি থেকে নগদ ১ লাখ ৯০ হাজার টাকাসহ ৩ লাখ ৭০ হাজার টাকার মালামাল লুটপাট করেছে।
এ ব্যাপারে জানতে চাইলে পার্বতীপুর মডেল থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, ঘটনাটি জানতে পেরে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার প্রস্ততি চলছে।
ইত্তেফাক/এএম।
