ক্যারিয়ারের প্রথম ছবিতেই তাক লাগিয়ে দিয়েছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা রিয়াজুল রিজু। রিজুর পরিচালিত ‘বাপজান বায়োস্কোপ’ ছবিটি ৯টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় গৌরব অর্জন করেছে। যার কারণে দারুণ উচ্ছ্বাসিত রিজু।
ইত্তেফাক অনলাইনকে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক বলেন, পুরষ্কার প্রাপ্তির খবর শুনে জাস্ট ফ্রিজ হয়ে গিয়েছিলাম। সবার প্রতি আমি কৃতজ্ঞ।
রিজু আরো বলেন, বাপজান বায়োস্কোপ চলচ্চিত্রটি নিয়ে আমি আশাবাদী ছিলাম। এটি যে পুরস্কার পেতে পরে সেটাও ভাবনাতে ছিল কিন্তু এতগুলো ক্যাটাগরিতে পুরস্কার পাবে সেটা কল্পনাও করতে পারিনি। আপনারা জানেন এই বছর সবেচেয় বেশি তরুণ নির্মাতা চলচ্চিত্র নির্মাণে এসেছিলেন। আমার সঙ্গে যারা পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল তারা সবাই ছিল যোগ্য। কিন্তু এরমধ্য থেকে আমার ছবি জাতীয় পুরস্কার পাওয়ায় সম্মানিত বোধ করছি। বিশেষ করে বিজ্ঞ জুড়ি বোর্ড যেভাবে নিরপেক্ষ ভাবে চলচ্চিত্র বিশ্লেষণ করে তাদের রায় দিয়েছেন তাতে সত্যি আমি অভিভূত।

তরুণ এই পরিচালক বলেন, ‘আমি চলচ্চিত্রের লোক। চলচ্চিত্র বানাই চলচ্চিত্র নিয়ে ঘুমাই। আমার পয়েন্ট অব ভিউ থেকে সিনেমা তিন ধরনের হয়। গুড ফিল্ম, হিট ফিল্ম ও ব্যাড ফিল্ম। সামনে এখন একটি হিট ফিল্ম বানাতে চাই। যাতে দর্শকরা দারুণ খুশি হবেন এটুকু জানি।
২০১৫ সালের ১৮ ডিসেম্বর ‘বাপজানের বায়স্কোপ’ ছবিটি মুক্তি পেয়েছিল। মুক্তির কয়েকদিন পরেই হল থেকে এই ছবিটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে দেওয়া হয়।

সে প্রসঙ্গে কথা তুলতেই রিজু বলেন,‘একটি কুচক্রী মহল নির্মাণশৈলী ও সাফল্যে ঈর্ষান্বিত হয়ে হল মালিকদের ভয়ভীতি দেখিয়ে ছবিটি বন্ধ করতে বাধ্য করেছিল। এরপর বিকল্প ব্যবস্থায় দেশের বিভিন্ন স্থানে ছবিটি প্রদর্শনের ব্যবস্থা করি। এখন সেইসব কুচক্রী লোকদের উচিত ছবিটি হলে আবার প্রদর্শনের ব্যবস্থা করা। একজন নির্মাতার সবচেয়ে বড় কষ্ট এটাই যে তার ছবিটি প্রদর্শিত হতে দেয়নি চলচ্চিত্রেরই কিছু মানুষ। কিন্তু অনেক দর্শক ছবিটি ইউটিউবে দেখে প্রশংসা করেছেন।’
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫ সালের শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন শাকিব খান ও মাহফুজ আহমেদ, আর শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন জয়া আহসান। ‘আরো ভালোবাসবো তোমায়’ চলচ্চিত্রের জন্য শাকিব খান এবং ‘জিরো ডিগ্রি’ সিনেমায় মাহফুজ আহমেদ শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন। বৃহস্পতিবার মধ্যরাতে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধিশাখার প্রজ্ঞাপনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
ইত্তেফাক/রেজা
