সাংবাদিকদের ওপর নজরদারি বাকশালী দৃষ্টিভঙ্গি : রিজভী

আপডেট : ১৯ মে ২০১৭, ১৮:১৮
বিদেশ ভ্রমণে সাংবাদিকদের ওপর নজরদারির নির্দেশনার সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এটা একদলীয় সরকারের বাকশালী আচরণের বহিঃপ্রকাশ। সাংবাদিক ও গণমাধ্যম গণতন্ত্রের একটি মূল ভিত্তি। তাদের স্বাধীনতাকে আজকে বাংলাদেশে সঙ্কুচিত করা হয়েছে। আজকে সত্য উচ্চারণ বন্ধ করেছে, মিডিয়ার ওপর স্বঘোষিত নিয়ন্ত্রণ জারি করেছে। এখন তাদের চলাচলের ওপর নজদারি করছে। এটা কোনো গণতান্ত্রিক সরকার করে না।
 
শুক্রবার প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরামের মানববন্ধনে এ মন্তব্য করেন। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
 
সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, এবিএম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, ফরিদা ইয়াসমীন বক্তব্য রাখেন।
 
রিজভী বলেন, সরকার বিএনপিকে ‘ভয় পায়’বলেই নেতা-কর্মীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হচ্ছে। তারা আতঙ্কে আছে। কখন কোন ফাঁক দিয়ে বিএনপি বেরিয়ে পড়ে।
 
রিজভী বলেন, আজকে দেশে দুঃশাসনের মধ্যেও কেউ কেউ প্রতিবাদ করছেন, স্বাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে কেউ কেউ প্রতিবাদ করছেন। যেমন প্রধান বিচারপতি করছেন। প্রধান বিচারপতি যখন শাসন বিভাগ ও বিচার বিভাগের হস্তক্ষেপ নিয়ে কথা বলেন, তখন তাদের গায়ে জ্বালা ধরে যায়।
 
 
ইত্তেফাক/ইউবি