‘ভিশন ২০৩০ আগামী প্রজন্মের দলিল’

আপডেট : ১৯ মে ২০১৭, ১৮:৩৪
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য এবং মুক্তিযুদ্ধের সংগঠক ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ভিশন ২০৩০ আগামী প্রজন্মের জন্য জবাবদিহীমূলক, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার এক ঐতিহাসিক দলিল। এই ভিশন জনগণের সঙ্গে সম্পাদিত একটি চুক্তি। ভিশন বাস্তবায়নের মাধ্যমে মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে। 
 
শুক্রবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার নৈয়ার বাজারে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। 
 
ড. মোশাররফ বলেন, ‘বেগম খালেদা জিয়া ভিশন-২০৩০ ঘোষণার পর ক্ষমতাসীন দলের নেতাদের মধ্যে চরম অস্বস্তি বিরাজ করছে। বিএনপির ভিশন নিয়ে আওয়ামী লীগের মনগড়া নানা মন্তব্য জনগণ প্রত্যাখ্যান করেছে। দেশের মানুষ এই ভিশনকে সাধুবাদ জানিয়ে গ্রহণ করেছে।’ 
 
তিনি বলেন, ‘২০১৪ সালের পর থেকে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। তারা জনগণের ভোটাধিকার হরণ করেছে। তাই জনগণকে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা আদায় করবো এবং সেই সরকারের অধীনে বিএনপি অবশ্যই নির্বাচনে অংশ নেবে। এতে দেশের মানুষের আশা-আকাঙ্কার প্রতিফলন ঘটবে।’
 
সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, বিএনপি নেতা দেলোয়ার হোসেন মিয়াজী, খন্দকার মাহবুব হোসেন, মিঞা মো. শফিকুল ইসলাম, যুবদল নেতা ভিপি জাহাঙ্গীর আলম, ভিপি সাহাবউদ্দিন ভূইয়া, বাবুল মোল্লা, শরীফ চৌধুরী, শাহনাজ ভূঁইয়া, আব্দুল আউয়াল, কাউসার আলম সরকার, মোশাররফ হোসেন হাজারী, ছাত্রদল নেতা মো. আল-আমিন সরকার, আব্দুল বাসেত ও আসাদুজ্জামান লিমন প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি