শীতলক্ষ্যা নদীর তীর থেকে ইকোপার্ক উচ্ছেদ, নদীর দখল ও দূষণ রোধে আদালতের রায় কার্যকর, ময়লা-আবর্জনাসহ ওয়াসা ও সিটি করপোরেশনের অপরিশোধীত বর্জ্য নদীতে ফেলা বন্ধ, শিল্প কলকারখানায় পরিশোধন প্ল্যান্ট সংযোজনসহ ১০ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কর্মকর্তারা।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানান তারা। বাপার সহ-সভাপতি, বিশিষ্ট লেখক,সাংবাদিক ও গবেষক সৈয়দ আবুল মকসুদের সভাপতিত্বে বাপার সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মতিন, বাপা নারায়ণগঞ্জ শাখার সভাপতি অ্যাডভোকেট আবুবকর সিদ্দিক এতে বক্তব্য রাখেন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাপার যুগ্ম সম্পাদক ও বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সমন্বয়ক মিহির বিশ্বাস।
সৈয়দ আবুল মকসুদ বলেন, হাইকোর্টের নির্দেশনার কোন তোয়াক্কা না করে বিআইডব্লিউটিএ কি করে শীতলক্ষ্যার নদী পাড়ে খানপুর বরফকল এলাকায় নদী ভরাট করে স্থাপনা নির্মাণের অনুমতি দিল তা বোধগম্য নয়। একদিকে সরকার দেশের সমস্ত নদী জলাধারসহ ঢাকার চারিদিকের নদীগুলো পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য পদক্ষেপ নিচ্ছে, তখন কিভাবে সরকারের একজন মন্ত্রী মহা সমারোহে এই বাণিজ্যিক পার্ক বা ইকো পার্ক উদ্বোধন করলেন। তাছাড়া নারায়ণগঞ্জে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে এর অধিবাসীদের ন্যূনতম মৌলিক চাহিদা পানি, বিদ্যুৎ পয়ঃপ্রণালী, যাতায়াত, বিনোদন প্রভৃতির পূরণ ক্রমশই সঙ্কুচিত হচ্ছে।
