জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গণতন্ত্র ও গণমাধ্যমের মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক। সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন মিডিয়াগুলো আজ উপভোগ করছে মত প্রকাশের স্বাধীনতা। এ কারণে বর্তমানে বেসরকারি মিডিয়া ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
শুক্রবার সোনারগাঁও হোটেলে বাংলা টিভির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
শিরীন শারমিন চৌধুরী বলেন, ক্ষুধা, দারিদ্রমুক্ত ও শোষণহীন সমাজ গড়ার লক্ষ্যেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত হয়েছিল বাংলার স্বাধীনতা। বর্তমান এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে প্রয়োজন সকলের সম্মিলিত প্রয়াস। যার যার ক্ষেত্রে সে সে সচেষ্ট থেকে দেশ গড়ার কাজে নিবেদিত হলে প্রতিষ্ঠিত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।
স্পিকার আরো বলেন, অবাধ তথ্য প্রবাহের সূবর্ণ সুযোগের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমের প্রসার ও বিকাশে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার গণমাধ্যম বান্ধব সরকার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামেদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এবং প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট ও লেখক আব্দুল গাফফার চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বাংলা টিভির চেয়ারম্যান কে এম আক্তারুজ্জামান, ভাইস চেয়ারম্যন সৈয়দ গোলাম দস্তগীর (নিশাদ) প্রমুখ। বাসস
ইত্তেফাক/ইউবি
