চলচ্চিত্র পাড়ায় ক্রমশ পারস্পরিক মতবিরোধ বাড়ছেই। ঢিলেঢালা চলচ্চিত্র ব্যবসায় যখন অনালোচিত ইন্ডাস্ট্রি, ঠিক তখন অপু বিশ্বাসের লাইভে তার সন্তানের সামাজিক স্বীকৃতি থেকেই মূলত এফডিসি পাড়া আলোচিত হয়ে ওঠে। এর পরবর্তীতে শাকিব খান শিল্পী সমিতির নতুন নির্বাচনকে কেন্দ্র করেও বেশকিছু মন্তব্য করেন।
ধীরে ধীরে শিল্পী সমিতির নির্বাচন যখন জমে উঠছিল ঠিক তখন শিল্পী সমিতির নির্বাচনে রাতে ভোট গণনার সময় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আরো খানিক গোলমেলে করে তোলে। অপু-শাকিব-বুবলী ইস্যু থেকে আলোচনা গড়ায় শাকিব-জায়েদ খান-মিশা সওদাগর পর্যন্ত। শাকিব তার ওপরে হামলার অভিযোগে জায়েদ খান ও সাইমনের নামে থানায় সাধারণ ডায়েরি করেন।
শিল্পী সমিতির নতুন কমিটির প্রতি আদালতের নির্দেশের মতো ঘটনার ভেতর দিয়ে শপথ পাঠ হয়। তবে নবনির্বাচিত কমিটির দাবি, তারা নিয়ম ও আদালতের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই কাজ করছেন।
এর বাইরে নবনির্বাচিত সহ-সভাপতি চিত্রনায়ক রিয়াজ ইন্টারভিউতে বলেছেন সবার মুখোশ খুলে দেবো। ঠিক একই সময়ে নায়ক বাপ্পারাজ পরিচালক সমিতির কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলছেন। তা নিয়েও পরিচালক সমিতির বাকবিতণ্ডা চলছে।
এরমাঝে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ করে চ্যালেঞ্জ ছোড়েন ওমর সানী। পুনরায় ভোট গণনায় ৯টি ভোট বাড়ে ওমর সানীর। গণনা শেষে মৌসুমী-ওমর সানী সাংবাদিকদের সাথে কথা বলেও অভিযোগ তোলেন। তাই স্বাভাবিকভাবেই চলচ্চিত্রের এই জনপ্রিয় তারকাগুলো এখন আর বাস্তবে একমতে নেই। বিভিন্ন গণমাধ্যমে তাই কাঁদা ছোড়াছুড়িই চলছে।
তবে এই মতবিভেদ বাড়তে থাকলে প্রশ্নবিদ্ধ হবে চলচ্চিত্র শিল্পী ও পরিচালক সমিতি। কারণ অন্যান্য সকল সাংগঠনিক দায়িত্বের পাশাপাশি তারকা শিল্পীদের পারস্পরিক এই মতবিরোধ ও রেষারেষিকে সমঝোতায় আনার কর্তব্যও সমিতির। তাই সময় বলে দেবে নতুন গড়া সংগঠনগুলোর তাত্পর্য।
পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের শুভেচ্ছা জানিয়েছে কি-না স্ব স্ব সংগঠন সেটির বিষয়ে জানতে চাইলে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আমরা আগামীকাল (আজ) বিষয়টি নিয়ে সবাই বসবো। একটি প্রাথমিক পরিকল্পনা আছে। মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়ার পর সবাইকে আমরা শুভেচ্ছা জানাবো।’
তাই এই মতবিরোধ চর্চা থেকে বেরিয়ে এসে চলচ্চিত্র উন্নয়নে একসাথে একীভূত হয়ে কাজ করুক সকল সংগঠন সেটিই প্রত্যাশা করেন সকলে। এ প্রসঙ্গে নায়করাজ রাজ্জাক বলেন, ‘আমি কিছুদিন পর কথা বলবো। সবার কথা বলা শেষ হোক। সকলেই তো আমার কাছে আসে, দোয়া বা পরামর্শ নিয়ে। আমি তো সবাইকে সম্মিলিত থাকার পরামর্শ দিই। তাই এই বিচ্ছিন্ন কথাবার্তার জবাব আমি পরে দেবো।’
ইত্তেফাক/আনিসুর
