জঙ্গি আস্তানা সন্দেহে নরসিংদীর শহরের গাবতলী উত্তরপাড়ার একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব-১১। শনিবার বিকেল ৪টার চার বাড়িটি ঘেরাও করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাড়ির মালিকের নাম মঈন উদ্দিন ওরফে মঈন আহমেদ। তিনি দুবাইয়ে প্রবাসী। এ বাড়িতে তার পরিবারের লোকজন বসবাস করেন না। বিল্ডিংটি দোতলা এবং নির্মাণাধীন। কিছুদিন আগে তিনজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র বাড়িটি ভাড়া নেয়। গত কয়েক দিন আগে আরো দুইজন লোক ওই বাড়িতে ওঠে। ওই বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে শনিবার বিকেলে বাড়িটি চারদিক থেকে ঘিরে ফেলে র্যাব।
ইতোমধ্যেই র্যাব -১১’র অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান ঘটনাস্থলে পৌছেছেন। তিনি সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত দেয়ার পরই অভিযান শুরু হবে বলে জানা গেছে।
র্যাব-১১’র সিনিয়র এএসপি আলেক উদ্দিন সাংবাদিকদেরকে বলেন, ‘আমরা সন্দেহ করছি বাড়িটিতে জঙ্গি রয়েছে। ঢাকা থেকে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসার পর অভিযানের ব্যাপারে সিদ্ধান্ত হবে। ধারনা করা হচ্ছে ৫-৬ জন সন্দেহভাজন লোক বাড়িতে রয়েছে। এর মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন, জাফর, সালাহ উদ্দিন ও আলামিন।
নরসিংদীর পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, অভিযানটি পুরোপরি র্যাব কর্তৃপক্ষের। আমরা তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি। সেখানে আমাদের পুলিশ বাহিনীর সদস্যরাও রয়েছে। বাড়ির মালিক প্রবাসী মঈন উদ্দিন আহমেদের ছোট ভাই জাকারিয়াকে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব।
ইত্তেফাক/ইউবি
