দলের কোর কমিটিতে বললেন মমতা

বিজেপির বিরুদ্ধে লড়ুন কংগ্রেস বুঝে নেব: মমতা

আপডেট : ২০ মে ২০১৭, ২০:৫৩
ভারতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে দলকে সর্বাত্মক লড়াইয়ের নির্দেশ দিয়েছেন। তবে কংগ্রেসের বিষয়ে তিনি অনেকটা সুর নরম করে বলেছেন, সেটি আমি বুঝে নেব। শুক্রবার তৃণমূল ভবনে দলের কোর কমিটির বর্ধিত সভায় মমতা এ কথা বলেন।
 
মমতা বলেন,  আমাদের বিজেপি’র বিরুদ্ধে লড়াই আরো জোরদার করতে হবে। আন্দোলন চালাতে হবে সিপিএমের বিরুদ্ধেও। কিন্তু কংগ্রেসের বিষয়টা আমার উপর ছেড়ে দিন। ওটা আমি বুঝে নেব। নেতা-কর্মীদের বৈঠকে শুধু ওই বার্তা দিয়েই ক্ষান্ত থাকেননি তৃণমূল নেত্রী। এদিন বিধানসভা শুরুর দিনে অধিবেশন কক্ষে বিরোধী দলনেতা কংগ্রেসের আবদুল মান্নানের সঙ্গে নরম মনোভাবও প্রকাশ করলেন তিনি। 
 
খোঁজ নিলেন বিরোধী নেতার শরীরস্বাস্থ্য নিয়ে। দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের পর এদিন তৃণমূল ভবনের সভায় কংগ্রেসের প্রতি মমতার নরম মনোভাব প্রকাশ এবং তারপর প্রকাশ্যে কংগ্রেস নেতা আব্দুল মান্নানের সঙ্গে আলাপচারিতা নিয়ে ইতিমধ্যেই অনেক কথা শুরু হয়েছে। 
 
আর তারই প্রতিক্রিয়া মিলেছে প্রদেশ কংগ্রেস সভাপতির কাছ থেকে। এদিন অধীর বলেন, উনি (মুখ্যমন্ত্রী) আমাদের দল চালান না। দলের শীর্ষ নেতৃত্ব আমাকে রাজ্যে সংগঠন মজবুত করার দায়িত্ব দিয়েছে। রাহুল গান্ধী বলেছেন, সদস্যপদ সংগ্রহে জোর দিতে। বাধ্যবাধকতা মেনে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন। কখনও কংগ্রেসের কথা বলেন, কখনও আবার বিজেপি’র হাত ধরেন। তাই উনি কী বললেন, তাতে কংগ্রেসের কিছু যায় আসে না। -বর্তমান পত্রিকা।
 
ইত্তেফাক/সাব্বির