নগরীর দেয়ালে চিত্রকর্ম প্রদর্শনের ব্যবস্থা করা হবে: আনিসুল হক

আপডেট : ২১ মে ২০১৭, ০০:৪৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, আগামী ৬ মাসের মধ্যে ঢাকার পাঁচ থেকে ছয়টি স্থানের দেয়ালে বিখ্যাত শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনের ব্যবস্থা করা হবে। গতকাল শিল্পকলা একাডেমির চিত্রশালায় ‘শিল্পের চোখে সবুজ ঢাকা আর্ট ক্যাম্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ৩০০ শিল্পীর অংশগ্রহণে মানুষকে গাছের প্রতি আগ্রহী ও সচেতন করে তুলতে এ ক্যাম্পেইনের আয়োজন করে উত্তর সিটি।

শিল্পকলা একাডেমির আর্ট ক্যাম্পেইনে সকাল থেকেই ছবি আঁঁকতে শুরু করেন বরেণ্য শিল্পীরা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক নিজেও রঙ-তুলি হাতে তুলে নেন ছবি আঁকতে।

মেয়র আনিসুল হক বলেন, একসঙ্গে ৩শ’ জন শিল্পীর অংশগ্রহণে আর্ট ক্যাম্প বিরল। শিল্পীরা ঢাকাকে কেমন দেখতে চান, সেটাই ফুটে উঠবে ক্যানভাসে। আমরা ঢাকাকে সবুজ রাখতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছি। এসব উদ্যোগে শিল্পীরাও আমাদের অংশীদার। তিনি বলেন, শিল্পীদের জন্যও সিটি করপোরেশন বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে। শিল্পীদের শিল্পকর্মের প্রদর্শনীসহ বিভিন্ন কাজে যেন সহায়তা হয়, তেমন উদ্যোগ আমরা নিচ্ছি।

অনুষ্ঠানে শিল্পী সমরজিত্ রায় চৌধুরী বলেন, আমরা চাই ঢাকা সবসময় সবুজ থাকুক। সবুজের ছায়ায় থাকুক ঢাকা। সিটি করপোরেশনের এ উদ্যোগ অসাধারণ। আর্ট ক্যাম্পেইনে চিত্রশিল্পী মনিরুল ইসলাম, অলকেশ ঘোষ, তুরণ ঘোষ, গুলশান আরা, নাদিম আহমেদ, কনক চাঁপা চাকমা প্রমুখ অংশ নেন। সবুজ ঢাকা ও শিল্পকলা একাডেমি আয়োজনে ‘শিল্পীর চোখে সবুজ ঢাকা’ শীর্ষক আর্ট ক্যাম্পেইনে সহায়তা করেছে মীনা বাজার।

ইত্তেফাক/নূহু