বাল্যবিয়ে-যৌতুককে লালকার্ড দেখিয়ে শেরপুর সদর উপজেলার ৬নং পাকুড়িয়া ইউনিয়নকে বাল্যবিয়ে ও যৌতুকমুক্ত ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে ওই ইউনিয়নের নিজামউদ্দিন আহম্মদ মডেল কলেজ মাঠে ওই ইউনিয়নের ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে তিন হাজার শিক্ষার্থীর হাতে বাল্যবিয়ে-যৌতুককে ‘না’ লেখা লালকার্ড একসাথে তুলে ধরে বাল্যবিয়ে-যৌতুক বিরোধী শপথ করেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সাথে সমস্বরে তারা বলে উঠেন ‘১৮ বছরের আগে বিয়ে করব না, কাউকে করতে দেব না। যৌতুক দেবো না, নেবো না। দেশ ও জাতির কল্যাণে কাজ করব, নিজেকে গড়বো, দেশের জন্য জীবন উত্সর্গ করবো।’ লালকার্ডে বাল্যবিয়ে ও নারী-শিশু নির্যাতন বিরোধী হটলাইন নম্বর ‘১০৯’ এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নম্বর দেওয়া হয়। যাতে যে কোনো বাল্যবিয়ে বন্ধের ক্ষেত্রে ওইসব নাম্বারে কল করে ব্যবস্থা গ্রহণে সহায়তা করতে পারে। নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ’ ও পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। ওয়ার্ল্ডভিশন শেরপুর এডিপি, আইইডি, রক্তদিন জীবন বাঁচান, আসল কাজ, বাংলার মুখ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী এ কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহায়তা করেন।
অনুষ্ঠানের সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ হায়দার আলী তার ইউনিয়নকে আজ থেকে বাল্যবিয়ে ও যৌতুকমুক্ত ঘোষণা করেন। এ সময় তিনি কেউ বাল্যবিয়ের সংবাদ মোবাইলে বা সরাসরি তাকে জানালে ওই ব্যক্তিকে নগদ ৫০০ টাকা পুরস্কার দেবেন বলে ঘোষণা করেন। সেইসাথে কোনো মেয়ে তার বাল্যবিয়ের সংবাদ জানালে ওই মেয়ের লেখাপড়ার খরচ নিজে বহন করার ঘোষণাও দেন।
জনউদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদ-এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে জেলা পরিষদ সদস্য মো. কফিল উদ্দিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম আরা শামীমা, অধ্যক্ষ শফিকুল ইসলাম ঠাণ্ডা, মেরাজ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কার্টুনিস্ট শাহীন প্রমুখ বক্তব্য রাখেন।
মাগুরায় বাল্য বিবাহ প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের শপথ
এদিকে মাগুরা প্রতিনিধি জানান, বাল্য বিবাহ প্রতিরোধে মাগুরার তিন ইউনিয়নের ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় পাঁচ হাজার ছাত্র-ছাত্রীকে শপথ পাঠ ও লালকার্ড প্রদর্শন করিয়েছে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার দুপুরে সদর ?উপজেলার গাংনালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় পাঁচশ ছাত্র-ছাত্রীর মাঝে শপথ, লালকার্ড প্রদর্শন, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা করে প্রতিষ্ঠানটি। অ্যাকশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় সেইভ দ্য উইমেন এন্ড চিলড্রেন (এসডব্লিউসি) এ কর্মসূচি বাস্তবায়ন করছে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- এসডব্লিউসি এর নির্বাহী পরিচালক সাবিনা ইয়াসমীন মেরী, প্রকল্প সমন্বয়কারী মো. নাজমুল হাসান, গাংনালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন ব্যানার্জীসহ অন্যরা।
ইত্তেফাক/নূহু
