যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবলীগ কর্মী নিহত

আপডেট : ২১ মে ২০১৭, ১৭:৩৮
যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইনামুল হোসেন কাজল (৩৫) নামে যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন। রবিবার দুপুর আড়াইটায় যশোরের উপশহর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত কাজল উপশহর এ ব্লকে ভাড়া থাকতেন। তার পিতার নাম মৃত আশরাফ আলী। কেউ বলছেন, তিনি ঠিকাদারি করতেন। কারও দাবি তিনি ক্লিনিক বা ফার্মেসিতে চাকরি করতেন। আবার কারও দাবি, ফেরি করে শাড়ি, থ্রি-পিস ইত্যাদি বিক্রি করতেন।
 
যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মেহেদি হাসান জানান, রবিবার দুপুরে উপশহর এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা ইনামুল হোসেন কাজলকে ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন।
 
উপশহর আওয়ামী লীগের কর্মী আফতাব হোসেন হাসপাতালে ইত্তেফাককে বলেন, গত ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সকালে শহরের বকুলতলার বঙ্গবন্ধু ম্যুরালে তারা এমপি কাজী নাবিলের গ্রুপের হয়ে ফুল দিতে যান। এসময় প্রতিপক্ষ গ্রুপের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে কাজলকে হত্যা করা হয়েছে। নতুন উপশহর ইউপি চেয়ারম্যান লিটু, চিমা ও মনসুর কাজলকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে বলে দাবি আফতাবের। 
 
যশোর সদর উপজেলা যুবলীগের সদস্য মো. আসাদুর জামান নান্নু বলেন, ‘নিহত কাজল আগে চাকলাদার গ্রুপে ছিল। দেড়-২ মাস আগে সে এমপি নাবিল গ্রুপে যোগ দেয়। কাজল ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী ছিল।’ 
 
তিনি আরও জানান, নিহত কাজল কয়েকবছর আগে একটি হত্যা মামলার আসামি ছিল। বছর দুয়েক আগে সে জেল থেকে ছাড়া পেয়ে ‘ঠিকাদারি’ করত।
 
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আজমল হুদা জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কাজলের মৃত্যু হয়েছে। কারা এবং কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটনে পুলিশ তৎপরতা শুরু করেছে। 
 
ইত্তেফাক/এমআই