শ্লীলতাহানি : শাবি ছাত্রলীগের সভাপতিসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ২১ মে ২০১৭, ১৮:০২
শ্লীলতাহানির মামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিতকৃত কমিটির সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। 
 
রবিবার সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহিতুল হক এ আদেশ দেন বলে জানান আদালতের পিপি  আব্দুল মালেক। একই সঙ্গে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে শিশু আদালতে স্থানান্তর করা হয়েছে। 
 
গ্রেফতারি পরোয়ানার আসামিরা হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সঞ্জীবন চক্রবর্তী পার্থ, একই বিভাগের শিক্ষার্থী ছাত্রলীগকর্মী এস এন সাজ্জাদ রিয়াদ ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী মাহমুদুল হক রুদ্র। 
 
আদালতের পিপি আব্দুল মালেক বলেন, আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ও ৩০ ধারায় মামলাটি আমলে নিয়ে বিচারের জন্য শিশু আদালতে স্থানান্তরের নির্দেশ দেয়া হয়েছে। 
 
এর আগে গত ১২ এপ্রিল শ্লীলতাহানির শিকার ওই ছাত্রীর মা বাদী হয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তিনজনের নাম উল্লেখসহ ৭-৮ জনকে আসামি করে আদালতে মামলা করেন। আদালতের বিচারক মোহিতুল হক মামলা আমলে নিয়ে এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। গত ৪ মে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত দলের প্রধান সিনিয়র সহকারী জজ তাসলিমা শারমিন। ঘটনায় সঞ্জীবন চক্রবর্তী পার্থ, সাজ্জাদ রিয়াদ ও মাহমুদুল হক রুদ্রের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 
 
বাদীপক্ষের আইনজীবী মশরুর চৌধুরী শওকত বলেন, গত ৮ এপ্রিল বিকেলে পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেয়া ওই ছাত্রী তার ফুফাত ভাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে বেড়াতে যান। শহীদ মিনার এলাকায় কয়েকজন ছাত্রলীগকর্মী তাকে উত্ত্যক্ত করার পাশাপাশি শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বিশ্ববিদ্যালয়ের দুই সাংবাদিক এর প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালান বিবাদীরা। এ ঘটনার পর কেন্দ্রিয় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত ঘোষণা করে।
 
ইত্তেফাক/ইউবি