পাবনায় ভূমিমন্ত্রীর পুত্রসহ ১১ জনের জামিন নামঞ্জুর

আপডেট : ২১ মে ২০১৭, ১৯:১১
হামলা ও ভাঙচুরের মামলায় ভূমিমন্ত্রীর ছেলে শরীফ তমালসহ ১১ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুর একটায় পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের পক্ষে জামিন প্রার্থনা করেন তাদের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু। শুনানি শেষে বিচারক রেজাউল করিম আসামিদের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 
 
উল্লেখ্য, গত ১৮ মে প্রকাশ্য দিবালোকে মুখে কালো কাপড় বেঁধে ভূমিমন্ত্রী পুত্র উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল ও সাধারণ সম্পাদক রাজিব সরকারের নেতৃত্বে ঈশ্বরদী পৌর সদরের ২টি বাড়ি ও ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় মন্ত্রীর জামাতা ও ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর ব্যবসা প্রতিষ্ঠান এবং উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের বিশ্বাসের বাড়িতে ভাঙচুর চালানো হয়।
 
এ ঘটনায় জুবায়ের বিশ্বাসের বাবা আতিয়ার রহমান বিশ্বাস বাদী হয়ে ওইদিন রাতে ভূমিমন্ত্রী পুত্র শরীফ তমালসহ ৩৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার পর যৌথ অভিযান চালিয়ে শরীফ তমালসহ ১১ জনকে আটক করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
 
ইত্তেফাক/এমআই