চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে হয়ে গেল ‘বিজ্ঞানযাত্রা’ (www.bigganjatra.org) কর্তৃক আয়োজিত দ্বিতীয় বিজ্ঞানমেলা। বিজ্ঞানমেলার মূলভাব ছিল “বিজ্ঞান হোক আনন্দের উৎস”।
শুক্রবার দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ জানে আলম। অতিথি হিসেবে উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বপন বড়ুয়া, মাধব রায় চৌধুরী, এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক খবির চৌধুরী। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিজ্ঞানযাত্রার প্রতিষ্ঠাতা ফরহাদ হোসেন মাসুম।
উদ্বোধনী অনুষ্ঠানের পর বিষয়ভিত্তিক উপস্থাপনা দিয়ে আয়োজনের মূল পর্ব শুরু হয়। ৮টি বিষয়ভিত্তিক উপস্থাপনার সব ক’টিই প্রস্তুত করা হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে। মধ্যাহ্ন বিরতির পর শুরু হয় পোস্টার প্রদর্শনী পর্ব। পোস্টার সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর দিয়ে শিক্ষার্থীদের জিজ্ঞাসু মনের পিপাসা মেটান বিজ্ঞানযাত্রার উপস্থিত সদস্যরা।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিজ্ঞানভিত্তিক ভিডিও প্রদর্শন ও যেমন খুশি প্রশ্ন করো পর্ব। বিজ্ঞানযাত্রা প্যানেল উপস্থিত দর্শকদের আগ্রহোদ্দীপক সব প্রশ্নের জবাব দেবার চেষ্টা করেছে। বিজ্ঞানযাত্রী রকি চৌধুরী, সাজেদুল ওয়াহিদ নিটোল, দীপ বড়ুয়া রনি, এবং সীমান্ত সেন বেশ কিছু পর্যবেক্ষণ প্রদর্শন করেন। পুরো অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে কুইজ। কুইজের বিজয়ীদের হাতে তুলে তুলে দেয়া হয় বিশেষ পুরস্কার। কুইজ পরিচালনায় সহায়তা করেন সৌরেন সেন এবং তায়ফা ইয়াসমিন সাথী। অনুষ্ঠানের সমাপনী পর্বে “বিজ্ঞান কীভাবে কাজ করে” শীর্ষক পোস্টারটি স্কুলের গবেষণাগারের জন্য আয়োজকদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের হাতে তুলে দেন ইসমাইল হাসান এবং প্রিয়ম দে। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন তাসনিয়া তাবাসসুম।
প্রসঙ্গত , এটি বিজ্ঞানযাত্রার আয়োজিত দ্বিতীয় বিজ্ঞানমেলা। গত ১২ মে মুন্সীগঞ্জের শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রথম বিজ্ঞানমেলা আয়োজিত হয়।
ইত্তেফাক/ইউবি
