কালুখালীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট : ২২ মে ২০১৭, ১৩:৪৫
 
রাজবাড়ীর কালুখালীতে সিরাজুল ইসলাম বাবু (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত উপজেলার মৃগী ইউপির মেমড়া গ্রামের মৃত নাছির উদ্দিন মোল্লার ছেলে। সোমবার সকালে নিহতের বাড়ির পাশে পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 
স্থানীয়রা জানান, নিহতের পরিবারের কেউ গ্রামের বাড়িতে থাকেন না। দুই ছেলে লেখা-পড়ার জন্য বাইরে থাকে। তার স্ত্রী পাংশা উপজেলার পাট্টা ইউপির মুচিদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত থাকায় তিনিও থাকেন পাংশাতে।  
 
সকালে পুকুর পাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
 
কালুখালী থানার অফিসার ইনচার্জ নূরে আলম ফকির বলেন, এটা হত্যা হয়েছে কি না আমরা এখনও বুঝতে পারছি না। নিহতের পরিবার মামলা দিলে মামলা নিবো। লাশ রাজবাড়ী মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
 
ইত্তেফাক/কেকে