ভেনিজুয়েলায় বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৪৮

আপডেট : ২২ মে ২০১৭, ১৪:২৪
ভেনিজুয়েলায় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিরোধী বিক্ষোভ চলাকালে এক তরুণ বিক্ষোভকারী বুকে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এ নিয়ে সাত সপ্তাহ ধরে চলমান সহিংস বিক্ষোভে এখন পর্যন্ত ৪৮ জন মারা গেল। রোববার দেশটির কর্মকর্তারা একথা জানান।
 
ভেনিজুয়েলার পশ্চিমাঞ্চলীয় নগরী ভালেরায় বিক্ষোভ চলাকালে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানায় বার্তা সংস্থা এএফপি।
IMG0
অ্যাটর্নি জেনারেল অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার বন্দুকধারীরা সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়। ওই সময় ২৩ বছর বয়সী তেরান আগুইলার নামের ওই তরুণ বুকে গুলিবিদ্ধ হন। এই ঘটনায় অপর এক পুরুষ ও ৫০ বছর বয়সী এক নারীও আহত হন। 
IMG1
এদিকে ওই পুরুষের ওপর এ ধরণের নির্মম হামলার নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। তিনি তাকে সরকারি সমর্থক হিসেবে উল্লেখ করেন। মাদুরো বলেন, ‘ইসলামিক স্টেট এর সন্ত্রাসীরা এভাবে মানুষকে হত্যা করে।’ এএফপি।
 
ইত্তেফাক/সেতু