সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধসহ পরিবহনের বাম্পার, সাইড অ্যাঙ্গেল এবং হুক খোলার সরকারি আদেশ অবিলম্বে প্রত্যাহারসহ সাত দফা দাবিতে উত্তরাঞ্চলের সকল জেলায় রবিবার ভোর ৬টা থেকে চলমান ৪৮ ঘণ্টা পণ্য পরিবহন ধর্মঘট আরো ২৪ ঘণ্টা বেড়ে ৭২ঘণ্টা পালন করার ঘোষণা দিয়েছে উত্তরবঙ্গ ট্রাক, ট্রাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
আজ সোমবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উত্তরবঙ্গ ট্রাক, ট্রাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অধিকার আদায় বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ জানান, সাত দফা দাবিতে চলমান ৪৮ ঘণ্টার ধর্মঘট ২৪ ঘণ্টা বাড়িয়ে ৭২ ঘণ্টা পালনের সিদ্ধান্ত হয়েছে। ফলে বুধবার সকাল ৬টা পর্যন্ত এই ধর্মঘট চলবে।
এরপরও দাবি আদায়ে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে পবিত্র ঈদ উল ফিতর এর পরে লাগাতার ধর্মঘট পালনের কর্মসূচি দেয়া হবে বলেও সংবাদ সম্মেলনে হুশিয়ারি দেন নেতৃবৃন্দ।
এর আগে ১৩ মে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে ২১ মে ভোর ৬টা থেকে ২৩ মে পর্যন্ত ভোর ৬টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছিল সংগঠনটি।
সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানি, বাম্পার, সাইড অ্যাঙ্গেল এবং হুক খোলার সরকারি আদেশ অবিলম্বে প্রত্যাহার, বিভিন্ন স্থানে স্থাপিত ওজন যন্ত্রের নামে চাঁদাবাজি, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ ৭ দফা দাবি বাস্তবায়নে দাবি জানানো হয়।
অধিকার আদায় বাস্তবায়ন কমিটির আহবায়ক আব্দুল মান্নান আকন্দ বলেন, ৭ দফা দাবি দীর্ঘদিনের। সরকারের পক্ষ থেকেও এসব দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হলেও আজ পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাই এই ধর্মঘট আহ্বান করা হয়েছে। আর চলতি মাসের মধ্যে যদি ৭ দফা দাবি মেনে নেওয়া না হয়, তাহলে ঈদ-উল-ফিতরের পরে লাগাতার কর্মবিরতি পালনের কর্মসূচি গ্রহণ করা হবে।
ইত্তেফাক/কেকে
