লা লিগা জয় বিশ্বকাপের থেকেও বড় : জিদান

আপডেট : ২২ মে ২০১৭, ১৫:০৫
 
রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে লা লিগার শিরোপা জয়কে পেশাদার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন হিসেবে মনে করছেন জিনেদিন জিদান। এমনকি গত বছর মাদ্রিদের কোচ হিসেবে প্রথম বছরেই চ্যাম্পিয়নস লীগের শিরোপা অর্জনের থেকেও লীগ শিরোপা অর্জনকে এগিয়ে রাখছেন এই ফ্রেঞ্চম্যান।
 
খেলোয়াড় হিসেবেও লা লিগার শিরোপা অর্জনের অভিজ্ঞতা রয়েছে জিদানের। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে তিনি কোচ হিসেবে শিরোপা প্রাপ্তিকেই বড় করে দেখছেন।
 
গতকাল রবিবার এ্যাওয়ে ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমার গোলে মালাগাকে ২-০ গোলে হারিয়ে ৩৩তম স্প্যানিশ শিরোপা জয় করেছে মাদ্রিদ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জিদান বলেছেন, ‘পেশাদার জীবনে এটাই আমার সবচেয়ে আনন্দের দিন। এই মুহূর্তে আমার এখানে উঠে দাঁড়িয়ে নাচতে ইচ্ছা করছে।’
 
নিজের সময়ের বিশ্বের অন্যতম একজন সেরা খেলোয়াড় হিসেবে জিদান বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়নস লীগের শিরোপা জিতেছেন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ/আনিসুর