নরসিংদীতে জঙ্গি অভিযান : আটকদের মধ্যে ২ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২২ মে ২০১৭, ১৮:৫৫
নরসিংদীর গাবতলী উত্তরপাড়ার একটি বাড়ি থেকে সন্দেহভাজন জঙ্গি হিসেবে আটককৃত ৫ জনের মধ্যে সালাহ উদ্দিন ও আবু জাফর নামে দুই জনকে আসামি করে র‌্যাব-১১ বাদী হয়ে নরসিংদী সদর থানায় ২০০৯ সালের সন্ত্রাস দমন আইনে একটি মামলা রুজু করেছে। নরসিংদী থানার মামলা নং ৫৯(৫)২০১৭। নরসিংদী সদর থানার কর্তব্যরত অফিসার এএসআই হামিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। 
 
র‌্যাব-১১’র অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান জানান, র‌্যাব-১১ তে কর্মরত ইন্সপেক্টর আব্দুর রহমান নরসিংদী সদর থানায় সন্ত্রাস দমন আইনে দায়েরকৃত মামলাটির তদন্ত করবেন। আটককৃত বাকী ৩ জনকে রবিবার দিবাগত রাতেই জঙ্গি সম্পৃক্ততা না থাকায় মুক্তি দিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে তারা হলেন- মশিউর রহমান, বাছিরুল ইসলাম ও মাসুদুর রহমান। 
 
উল্লেখ্য, নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী উত্তরপাড়া গ্রামে সন্দেহভাজন জঙ্গি আস্তানা হিসেবে ২০ মে শনিবার বিকেল ৪ টা থেকে র‌্যাব-১১ কর্তৃক ঘিরে রাখা হয়। দুবাই প্রবাসী মঈন উদ্দিন আহমেদের একতলা এই বাড়িতে অভিযান রবিবার সকাল ৯টা ২০ মিনিট থেকে সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে এবং বাড়ির ভিতরে অবস্থান করা ব্যক্তিদের স্বজনদের সহযোগিতায় সন্দেহভাজন ৫ জনকে আটক করে র‌্যাব হেফাজতে নিয়ে যাওয়া হয়। বেলা ১১টায় র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং’র পরিচালক মুফতি মাহমুদ খান আনুষ্ঠানিকভাবে মিডিয়ার সামনে শ্বাসরুদ্ধকর সাড়ে ১৮ ঘণ্টার এ অভিযানটি কোন প্রকার রক্তপাত ছাড়াই সমাপ্ত ঘোষনা করেন। 
 
নরসিংদী জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, গাবতলী এলাকায় জারিকৃত ১৪৪ ধারা রবিবার বিকেলেই প্রত্যাহার করা হয়েছে।  
 
ইত্তেফাক/এমআই