চিতলমারীতে ইটবোঝাই ট্রলি উল্টে দুই শ্রমিক নিহত

আপডেট : ২২ মে ২০১৭, ১৫:৩৯
বাগেরহাটের চিতলমারীতে ইটবোঝাই ট্রলি উল্টে দুজন শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরও দুই শ্রমিক আহত হন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মোল্লাহাট-চিতলমারীর অভ্যন্তরীণ সড়কের চিতলমারী উপজেলার আড়ুয়াবর্ণি গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
 
নিহতরা হলেন- বাগেরহাটের মোল্লাহাট উপজেলা সদরের আকরাম মোল্লার ছেলে আল আমিন মোল্লা (২৭) ও একই উপজেলা গাড়ফা গ্রামের হারুন মোল্লার ছেলে ইসমাঈল মোল্লা (১৮)।
 
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম এই প্রতিবেদককে বলেন, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা সদরের ইটভাটা থেকে একটি ট্রলিতে ইট বোঝাই করে চিতলমারী উপজেলার কালশিরা এলাকায় যাচ্ছিল।এসময় ইটবোঝাই ট্রলিটি আড়ুয়াবর্ণি এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ট্রলিতে থাকা অন্তত চার শ্রমিক ইটের চাপায় গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে স্থানীয় চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আল আমিন ও ইসমাঈলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
 
চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মো. আলমগীর হোসেন এই প্রতিবেদককে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত মোট চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে আল আমিন ও ইসমাঈলের মৃত্যু হাসপাতালে আনার পথেই হয়েছে। অন্যরা সামান্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/এমআই