‘কেন্দ্রীয় কমিটির অনুমতি ছাড়া অন্যদলের কাউকে নেওয়া যাবে না’

আপডেট : ২২ মে ২০১৭, ১৬:১৮
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অনুমতি ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের নেতাকর্মীদের দলের সদস্য করা যাবে না। তিনি বলেন, ‘অন্য কোন দল থেকে আওয়ামী লীগে যোগদান করতে চাইলে তার যোগদানের বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কারো যোগদান স্বীকৃত হবে না।’
 
আজ সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর জরুরি সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
 
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গত ২০ মে আওয়ামী লীগের বর্ধিত সভায় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সদস্য পদ নবায়নের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেছেন। ওই সময় দু’জন নতুন সদস্যও আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেছেন। 
 
এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপুমণি, এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, খালিদ মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, শিল্প ও বাণিজ্য সম্পাদক আব্দুস সাত্তার, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, বিজ্ঞাণ ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এডভোকেট মৃনাল কান্তি দাস, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ও ত্রাণ ও দু‡যাগ ব্যবস্থাপনা সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এমআই