১৪৬ বছর ধরে দর্শকদের বিনোদিত করার পরে নিউইয়র্কে নিজেদের শেষ শো আয়োজন করলো রিংলিং ব্রাদার্স অ্যান্ড বার্নাম অ্যান্ড বেইলি সার্কাস। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এই সার্কাসটি টিকেট বিক্রি কমে যাওয়া ও পরিচালনা ব্যয় বৃদ্ধির জন্য বন্ধ করে দেয়া হয়েছে।
আর এই শো এর মাধ্যমে সার্কাসের পারফরমারদেরও রেলগাড়ির মধ্যে যূথবদ্ধ থাকার দিনও শেষ হল। সার্কাসের রিংমাস্টার জনাথন লি ইভারসন বলেন, এই মহান আমেরিকান প্রতিষ্ঠানটির জন্য এটি দুঃখের একটি দিন। শেষ শোটি অনলাইনে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে প্রচারিত হয়েছে।
IMG0
রবিবার পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে একমাত্র রিংলিং ব্রাদার্সই একমাত্র সার্কাস ছিল যেটি নিজস্ব রেলগাড়ি করে ভ্রমণ করতো। সার্কাসের ১৩ জাতীয়তার পারফর্মারদের প্রাথমিক বাসস্থান ছিল এই রেলগাড়ি। বিগত ছয় প্রজন্ম ধরে রিংলিং ব্রাদার্সের হয়ে পারফর্ম করে আসছে ইভান ভারগাসের পরিবার। তিনি বলেন, আমি এই রেলগাড়িতে হাটতে শিখেছি, আমার জন্মের সময় বাবা মা এই রেলগাড়িতে থাকতেন।
IMG1
গত জানুয়ারিতেই রিংলিং ব্রাদার্সের মালিংক ফেল্ডিং এন্টারটেইনমেন্ট ঘোষণা করে যে এই বছরের মে মাসে শেষ শো করবে রিংলিং ব্রাদার্স। প্রাণী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা এই সার্কাস বন্ধ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে। এই সার্কাসের বিরুদ্ধে প্রাণী নির্যাতনের অভিযোগ করেছিল। নিউইয়র্কে শেষ শোয়ের সময় ‘আমরা তোমাদের বন্ধ করিয়েছি’ ‘বিদায় প্রাণী নির্যাতনকারী’ প্ল্যাকার্ড লিখে বিক্ষোভ করে তারা। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
