রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট : ২২ মে ২০১৭, ১৮:৩৭
রাজধানীর যাত্রাবাড়ি, গাবতলী ও বিমানবন্দর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। যাত্রাবাড়িতে দুই বাসের চাপায় নিহত হন জিল্লুর রহমান(৩০), বিমানবন্দরে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় নিহত হয়েছেন মোটর সাইকেল আরোহী মিলন মিয়া(৪২) এবং গাবতলীতে বাসের ধাক্কায় নিহত হয়েছেন সাইকেল আরোহী নাহিদ(২০)। সোমবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে তাদের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। 
 
যাত্রাবাড়ি: রাজধানীর যাত্রাবাড়িতে সোমবার সকালে দুই বাসের মাঝে চাপা পড়ে জিল্লুর রহমান(৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার মামাতো ভাই মেহেদী হাসান জানান, সোমবার সকাল ১০টার দিকে যাত্রাবাড়ি উত্তরা ব্যাংকের সামনে রাস্তা পারাপারের সময় দুই বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন জিল্লুর রহমান। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সকাল পৌনে ১১টায় তার মৃত্যু হয়। জিল্লুর রহমান ডেমরার বাশেরপুল ইস্টার্ণ হাউজিংয়ে থাকতেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা এলাকার কিদ্দুস মিয়ার ছেলে। 
 
বিমানবন্দর: রোববার দিবাগত রাত ৩টার দিকে বিমানবন্দর গোল চত্ত্বরে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোটর সাইকেল অারোহী মিলন মিয়া নিহত হয়েছেন। বিমান বন্দর থানার এসআই মনিরুল ইসলাম জানিয়েছেন, মিলন মোটরসাইকেল চালিয়ে বিমানবন্দর গোলচত্ত্বর এলাকায় দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত যানবাহন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মিলন কুমিল্লা জেলার মেঘনা উপজেলার ভাবখোলা গ্রামের মৃত শামসু উদ্দিনের ছেলে। বর্তমানে রুপনগর আবাসিক এলাকায় থাকতেন।
 
দারুসসালাম: রাজধানীর দারুসসালাম থানার গাবতলি মোড়ে লড়ির ধাক্কায় নাহিদ নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
 
দারুস সালাম থানার এসআই ময়নাল হক জানান, নাহিদ তেতুলিয়া বাসের হেলপার হিসাবে কাজ করতেন। তিনি পরিবারের সঙ্গে সাভার রেডিও কলোনি এলাকায় থাকতেন। নাহিদ কাজ শেষে গাবতলি থেকে সাইকেল চালিয়ে বাসায় যাওয়ার সময় গাবতলি মোড়ে লড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
ইত্তেফাক/রেজা