দ্বিতীয় মামলায়ও ভূমিমন্ত্রীর ছেলের জামিন নামঞ্জুর

আপডেট : ২২ মে ২০১৭, ১৮:৩৮
হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা দ্বিতীয় মামলায় ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমালের জামিন নামঞ্জুর করেছেন আদালত। 
 
সোমবার দুপুর সাড়ে ১২টায় পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামির পক্ষে জামিন প্রার্থনা করেন তার আইনজীবী আব্দুল আহাদ বাবু। এ সময় মন্ত্রী পুত্র তমাল শরীফ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। শুনানি শেষে বিচারক রেজাউল করিম মামলায় আসামিকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 
 
মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার এসআই শাহীন মিয়া জানান, গত ১৯ মে হামলা-ভাঙচুরের অভিযোগে ঈশ্বরদী পৌর সদরের কলেজ রোড মহল্লার আজমল হক বিশ্বাস বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। এর আগে মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান বিশ্বাস বাদী হয়ে দায়ের করা একটি মামলায় রবিবার মন্ত্রীপুত্র সহ ১১ জনের জামিন নামঞ্জুর করেন আদালত।
 
 
ইত্তেফাক/ইউবি