জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলে ৩১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার : রাঙ্গা

আপডেট : ২২ মে ২০১৭, ১৯:৫০
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, বর্তমান সরকার ২০১৬-২০১৭ অর্থবছরে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলে ৩ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তিনি বলেন, এ অর্থ থেকে ইতিমধ্যে ২ হাজার ৬৩০ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে মোট ৪৭২টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। 
 
সোমবার রাজধানীর শাহবাগস্থ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘জলবায়ুর পরিবর্তন ও আজকের প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনার ও কবি আসাদুজ্জামান আনিসের একক গানের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সিটি সমাজকল্যাণ সংস্থার ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ এ সেমিনারের আয়োজন করে।
 
সংগঠনের উপদেষ্টা সেলিনা বেগমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, সংসদ সদস্য সানজিদা খানম, সংসদ সদস্য হোসনে আরা লুৎফা, এসএ টিভির বার্তা প্রধান মাহমুদ আল ফয়সাল প্রমুখ বক্তৃতা করেন।
 
প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনা ২০০৯ এর আলোকে বিষয়ভিত্তিক ছয়টি ক্ষেত্র অনুসারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।
 
তিনি বলেন, বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নে সরকারের পাশাপাশি সিটি সমাজকল্যাণ সংস্থার ন্যায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে পরিকল্পিত কর্মসূচি নিয়ে এগিয়ে আসতে হবে। পরে প্রতিমন্ত্রী কবি আসাদুজ্জামানের একক গানের অনুষ্ঠান ‘বাংলার জাতির পিতার শেখ মুজিবুর নাম’ উপভোগ করেন। বাসস।
 
ইত্তেফাক/ রেজা