রমজানে ডিএমপি’র নিরাপত্তা : ইভটিজিং রোধে মার্কেটে মহিলা পুলিশ

আপডেট : ২২ মে ২০১৭, ২০:১৬
আসন্ন রমজান এবং ঈদুল ফিতর নির্বিঘ্নে পালন উপলক্ষে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরবাসী যাতে ঘর থেকে বের হয়ে নিরাপদে ঘরে ফিরতে পারেন এ লক্ষ্যে শপিংমলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ মোতায়েন থাকবে। বড় বড় শপিংমল ও মার্কেটগুলোতে (নারী ক্রেতা সমাগম বেশি) হয়রানি ও ইভটিজিং রোধে মোতায়েন থাকবে বিপুল সংখ্যক মহিলা পুলিশ। এছাড়া ছিনতাই, চাঁদাবাজি, অজ্ঞান ও মলম পার্টি প্রতিরোধে গোয়েন্দা পুলিশের নজরদারি ও টহল অব্যাহত থাকবে। 
 
সোমবার দুপুরে ডিএমপি সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন।
 
রমজানে শপিংমলের নিরাপত্তা বিষয়ে কমিশনার বলেন, ঈদুল ফিতর উপলক্ষে শপিংমলগুলোতে আগত ক্রেতাদেরকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। শপিংমলে আগত ক্রেতাদেরকে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করে প্রবেশ করাতে হবে। শপিংমলগুলোতে নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হবে যাতে ক্রেতারা নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে। তিনি শপিংমলগুলোতে নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য দোকান মালিকদের প্রতি আহ্বান জানান। এছাড়া শপিংমলগুলোর সামনে অবৈধভাবে গাড়ি পার্কিং না করার নির্দেশ দেন।  
 
কমিশনার আরও বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর গাউছিয়া ও নিউমার্কেট এলাকায় ক্রেতাদের ভিড় একটু বেশি লক্ষ্য করা যায়। যার অধিকাংশই মহিলা ক্রেতা। কেনাকাটা করতে এসে যেন কোন মহিলাকে কোন প্রকার হয়রানি বা ইভটিজিংয়ের স্বীকার হতে না হয় সেজন্য বিপুল সংখ্যক মহিলা পুলিশ মোতায়েন করা হবে।
 
রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতাদি সঠিক সময়ে পরিশোধ করার জন্য বিজিএমইএ ও গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানান ডিএমপি কমিশনার। বেতন-ভাতা নিয়ে শ্রমিকরা যেন রাস্তায় নেমে কোন প্রকার বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্যও গার্মেন্টস মালিকদের প্রতি অনুরোধ জানান তিনি।
 
পবিত্র রমজান মাসে ফুটপাতকে হকার মুক্ত রাখার লক্ষ্যে সকলের সহযোগিতা চেয়ে আছাদুজ্জামান বলেন, ফুটপাতে কোন ধরণের অবৈধ স্থাপনা, দোকানপাট বসতে দেয়া হবে না। ইতোমধ্যে ফুটপাতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান চলমান রয়েছে, এ অভিযান অব্যাহত থাকবে। যেহেতু ৩৬৫ দিনই পুলিশের পক্ষে পাহারা দেয়া সম্ভব নয়। তাই যেসব ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করা সম্ভব না হলে সে ক্ষেত্রে এগুলো নিয়ন্ত্রণে রাখা হবে। প্রেস ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/সিপু/পাভেল