সংসদে বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা রাখলে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব : স্পিকার

আপডেট : ২২ মে ২০১৭, ২০:৪৩
স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড.শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদে বিরোধী দল গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা রাখলে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সংসদ পরিচালিত হলে জনগণের আশা আকাংখার বাস্তব প্রতিফলন ঘটে। তাই সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে সরকারের পাশাপাশি বিরোধী দলের ভূমিকাও গুরুত্বপূর্ণ।
 
স্পিকার আজ সোমবার জাতীয় সংসদের উত্তর প্লাজায় সিপিএ বাংলাদেশ শাখা আয়োজিত ‘সিপিএ ইয়ুথ রোড শো অন পার্লামেন্টারি ডেমোক্র্যাসি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন, ইংরেজি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী এ রোড শো’তে অংশগ্রহণ করেন। তরুণ প্রজন্মকে সংসদীয় গণতন্ত্র সম্পর্কে সম্যক ধারণা দিতে তৃতীয় বারের মত এ ‘রোড শো’ অনুষ্ঠিত হলো। 
 
স্পিকার বলেন, রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র হয়তো পরিপূর্ণ কোন ব্যবস্থা নয়, কিন্তু অন্য সকল ব্যবস্থা হতে গণতন্ত্রই রাষ্ট্র পরিচালনার শ্রেষ্ঠ মাধ্যম। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রবর্তনের পর হতে সংসদীয় চর্চা ও সংসদীয় রীতিনীতি ক্রমেই উন্নত হচ্ছে। বর্তমান তরুণ সমাজকে সংসদ সম্পর্কে অবহিত করতে এ ধরনের রোড শো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, তরুণ সমাজের মাঝেই লুকিয়ে রয়েছে ভবিষ্যৎ নেতৃত্ব ।
 
তিনি বলেন, কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) ডেমোক্রেসি, ডেভলপমেন্ট ও ডাইভারসিটিÑ এই তিনটি ‘ডি’ কে ভিত্তি করে এগিয়ে চলেছে। বিশ্বের ২ দশমিক ৪ বিলিয়ন জনগণ সিপিএ এর সাথে সংযুক্ত, যার শতকরা ৬০ ভাগ তরুণসমাজ। যেখানে রয়েছে ৫২টি সদস্য রাষ্ট্রের ১৮০টি পার্লামেন্ট। সিপিএ দারিদ্র, উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, শিক্ষাসহ জনগণের নানা সমস্যা নিয়ে কাজ করে। 
 
স্পিকার আরো বলেন, আগামী বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলা করতে সিপিএর কার্যক্রমের সাথে তরুণ সমাজকে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরী। তরুণ ছাত্রছাত্রীদেরকে রাষ্ট্র পরিচালনার পদ্ধতি, সংসদ ও সিপিএ সম্বন্ধে আগ্রহী হতে তিনি উদাত্ত আহবান জানান।
তিনি জানান এ পর্যন্ত কমনওয়েলথের নয়টি রিজিয়নে প্রায় দশ হাজার তরুণকে সিপিএর সাথে যুক্ত করা হয়েছে। ছাত্র-ছাত্রীদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, কমনওয়েলথকে জানতে হবে। পাশাপাশি রাষ্ট্রের আইন সভা, নির্বাহী ও বিচার বিভাগ সম্বন্ধে জানতে হবে। রাষ্ট্র পরিচালনায় এ তিনটি বিভাগের মধ্যে সমন্বয় থাকা অত্যন্ত জরুরী। 
 
প্রশ্নোত্তর পর্বে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্পিকার,বিশেষ অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আহমেদ পলক ও সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এবং হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার। অনুষ্ঠানে হুইপ মাহবুব আরা গিনি এমপি, সংসদ সদস্য মাহবুব আলী, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদার ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাসস।
 
ইত্তেফাক/রেজা